সারা দেশের মত নওগাঁর মহাদেবপুর উপজেলাতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মহাদেবপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।
দিনের কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুসে ৩১ বার তোপধ্বনি, সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮ টায় মহাদেবপুর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, প্যারেড পরিদর্শন, সম্মিলিত পুলিশ ও আনসার ভিডিপির কুচকাওয়াজ, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম রাজনৈতিক ব্যক্তি ও সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের প্রীতি বাস্কেট বল প্রতিযোগিতা, সন্ধ্যায় বিভিন্ন ভবনে আলোকসজ্জা, অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া সারাদিন উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়ে স্থাপিত জায়ান্ট স্ক্রীনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ইউএনও মিজানুর রহমান মিলন ও মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ সময় তার সঙ্গে ছিলেন।