নওগাঁর মান্দায় শরিফুল ইসলাম (৩৫) নামে সার ও কীটনাশক ব্যবসায়িকে অপহরণের ৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। অপহৃত ব্যবসায়ি শরিফুল ইসলাম উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
শনিবার সকাল ১০ টার দিকে উত্তরা ডিগ্রি কলেজ মোড়ের একটি চায়ের দোকান থেকে ব্যবসায়ি শরিফুল ইসলামকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক শরীফ উদ্দিন কির্তলী গ্রামের খাজা শাহাবুদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০ টার দিকে ব্যবসায়ির শরিফুল ইসলাম কেবল ব্যবসায়ি বাবুল হোসেনের সঙ্গে উত্তরা ডিগ্রি কলেজ মোড়ে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় শরীফ উদ্দিন ও পাইলটসহ পাঁচ যুবক কলেজ মোড়ে এসে ব্যবসায়ি শরিফুল ইসলামকে মারপিট করে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণকারীরা ব্যবসায়ি শরিফুল ইসলামকে চক্রের সদস্য শরীফ উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে নিয়ে আটকে রাখে। এ সময় ব্যবসায়ির কাছে থাকা ৫ হাজার টাকা কেড়ে নিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি ৯৯৯ নম্বরে কল দিয়ে জানানো হলে অপহৃত ব্যবসায়িকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, তাৎক্ষনিক অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি বাড়ি থেকে ব্যবসায়িকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজনকে আটকসহ জব্দ করা হয়েছে বেশকিছু আলামত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।