“স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন-২০২১ উপলক্ষে মণিরামপুরে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা, আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা চত্ত্বরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলোর শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সহকারী কমিশনার (ভূমি) পলাম কুমার দেবনাথ, মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং একটি আনন্দ র্যালি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করেন। এ ছাড়া আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার থেকে শুরু হওয়া এ মেলাটি রোববার সন্ধ্যা পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।