নওগাঁর মান্দায় ৩১বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফছার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, যুদ্ধকালিন কমান্ডার আলাউদ্দিন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব প্রমুখ। একই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় পরিষদ মাঠে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অন্যদিকে মান্দা উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর নেতৃত্বে একটি র্যালি শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন, জাতীয় পার্টি, মান্দা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে।