সরাইলে মেঘনা নদীতে দিনে দুপুরে যাত্রীবাহী নৌকায় ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজাপুর ও কাকরিয়া গ্রাম বরাবর ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণালঙ্কার মুঠোফোন সেট ও নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী নৌকাটি পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়ইচারা ও ষাটবাড়িয়া গ্রামের যাত্রীদের নিয়ে কুলিয়ারচর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে অরূয়াইল ইউনিয়নের রাজাপুর বেড়াতে যাওয়ার জন্য স্বর্ণালঙ্কার পরিহিত এক নববধু ছিল। তার সাথে ছিল আরো ১০-১২ জন মহিলা যাত্রী। প্রত্যেকের পড়নে ছিল স্বর্ণালঙ্কার। মোট যাত্রী ছিল ৫০-৬০ জন। নৌকাটি কাকরিয়া রাজাপুর বরাবর খালের পাড় পৌঁছা মাত্র একদল নৌ ডাকাত তড়িৎ চারিদিকে ঘিরে ফেলে। ডাকাতরা অস্ত্রের মুখে সকল যাত্রীকে জিম্মি করে ফেলে। অনেক যাত্রীর গলায় ধারালো দা ধরে ভীতি সৃষ্টি করে। পরে যাত্রীদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৩০ টি মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। নৌকার যাত্রী বড়ইচারা গ্রামের লিয়াকত আলী ও প্রত্যক্ষদর্শী আইয়ুব মিয়া বলেন, মুখোষ পড়া ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা অনেক যাত্রীকে মারধরও করেছে। আমাদের এক প্রতিবেশী মমিনের স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণ নিয়ে গেছে। দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মনিরূল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা দ্রƒত ঘটনাস্থলে পৌঁছি। এর আগেই ডাকাত দলের নৌকাটি ভৈরবের দিকে চম্পট দিয়েছে। আমরা ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছি।