ব্রিটিশ রাজপরিবার ছাড়ার পর এবার যুক্তরাষ্ট্রের একটি মানসিক স্বাস্থ্য পরামর্শক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন প্রিন্স হ্যারি। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন ডিউক অব সাসেক্স। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান 'বেটার আপ' এ চিফ ইম্প্যাক্ট কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন প্রিন্স হ্যারি। তবে সেখানে কি কাজ করবেন এবং পারিশ্রমিক কত হবে সেবিষয়ে কিছু বলেননি প্রিন্স হ্যারি। নতুন চাকরি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন প্রিন্স হ্যারি। তিনি বলেন, বেটারআপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। রবিশাক্সের সঙ্গে প্রথম সাক্ষাতের সময়ই মনে হয়েছিল যে, তার প্রতিষ্ঠান যথেষ্ট গুরুত্বের সঙ্গে পেশাজীবীদের মানসিক উন্নয়নের মাধ্যমে তাদের আরও দক্ষ করে তুলতে কাজ করে। গত বছরের মার্চে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। চলতি মাসের শুরুর দিকে জনপ্রিয় মার্কিন উপস্থাপক অপরাহ উইনফ্রে'র কাছে দেয়া সাক্ষাতকারে রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন হ্যারি-মেগান দম্পতি।