বছরের মার্চ মাস থেকে ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ডিউক অব সাসেক্স হ্যারি। এবার তিনি সেখানে নতুন চাকরি নিতে যাচ্ছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোচিং অ্যান্ড মেন্টাল হেলথ ফার্ম ‘বেটারআপ’-এর চিফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে প্রিন্স হ্যারি চাকরি শুরু করতে যাচ্ছেন। এক বিবৃতিতে হ্যারি নিজেই এই তথ্য জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবার নিয়ে মার্কিন টেলিভিশনে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন। এর রেশ কাটতে না কাটতেই ডিউক অব সাসেক্সের নতুন এই চাকরির খবর এলো।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, সান ফ্যান্সিস্কোতে প্রতিষ্ঠানটির প্রধান অফিসে বসবেন প্রিন্স হ্যারি। তবে তিনি সেখানে কতটা সময় দেবেন, কী পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং তার কাজই বা কী হবে তা বিস্তারিত জানা যায়নি।
অবশ্য বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেছেন, তার নতুন কাজটি হলো মানসিক স্বাস্থ্যঝুঁকিতে থাকা লোকদের জন্য একটি সহানুভূতিশীল সম্প্রদায় তৈরি করা; যেখানে তাদের সঙ্গে সৎ ও সহনীয় পরিবেশে কথোপকথনের সুযোগ থাকবে।
প্রসঙ্গত, মোবাইলভিত্তিক পেশাদার কোচিং, কাউন্সেলিং ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘বেটারআপ’ ৬৬টি দেশে ৪৯টি ভাষায় তাদের কার্যক্রম চালাচ্ছে।