মিয়ানমারে আটক হওয়া বিবিসির বার্মিজ ভাষা বিভাগের রিপোর্টার অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। গত ১৯ মার্চ রাজধানী নেইপিদোতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। সোমবার তার মুক্তির খবর নিশ্চিত করেছে বিবিসি। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও সামরিক বাহিনী দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্সও বাতিল করেছে। ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। ওই বিক্ষোভে জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে।