যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনায় জড়িত সন্দেহে আহত অবস্থায় একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে বোল্ডারের টেবল মেসা এলাকায় কিং সুপার মার্কেটে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভেতরে থাকা মানুষদের সুপার মার্কেটের পেছনের দরজা দিয়ে বের করে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে হাসপাতালে। প্রাথমিক ভাবে হামলার কোন উদ্দেশ্য জানা যায় নি। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন বোল্ডার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।