নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে সুমী আক্তার (২৩) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্যাতিতা সুমী আক্তার উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী ও এক সন্তানের জননী। ঘটনায় চারজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকভবানী গ্রামের ময়েজ উদ্দিনের মেয়ে সুমী আক্তারকে ২০১৮ সালে শ্রীরামপুর গ্রামের সেরেফ আলীর ছেলে সাজেদুল ইসলামের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় জামাইকে ৫০ হাজার টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী দেন মেয়ের পরিবার। এর কিছুদিন পর আরও এক লাখ টাকা যৌতুকের দাবিতে শ্বশুর পরিবারের লোকজন সুমীর ওপর নির্যাতন শুরু করে।
সুমীর বাবা ময়েজ উদ্দিন জানান, গতবছরের ২৭ নভেম্বর একই দাবিতে জামাই সাজেদুল ইসলামসহ তার পরিবারের লোকজন সুমী পিটিয়ে জখমসহ ঘরে আটকিয়ে রাখে। ওইসময় পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসায় সুস্থ করে তোলা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির পর মেয়েকে জামাই বাড়ি পাঠিয়ে দেন তারা।
তিনি অভিযোগ করে বলেন, সালিসের মাত্র ৪ মাসের মাথায় যৌতুকের এক লাখ টাকা দাবিতে মেয়ে সুমীকে গত দুইদিন ধরে নির্যাতন করছে জামাইসহ পরিবারের সদস্যরা। সংবাদ পেয়ে সোমবার বিকেলে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জামাইসহ ৪ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।