বরগুনার সদর উপজেলার ৬নং ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (২১ মার্চ) রাতে বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমানের ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিবের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে, বরিবার রাত আনুমানিক দশটার দিকে সিদ্দিকুর রহমানের সমর্থকরা মোটরসাইকেলে বরগুনার দিকে যাচ্ছিল,এসময় হুমায়ূন কবিরের সমর্থকরা তাদের গতিরোধ করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ রিয়াজসহ্ দুজন আহত হয়। এসময়ে বেশকয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
গুরুতর আহত মেম্বারপ্রার্থী রিয়াজ ও অপর একজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত মোঃ রিয়াজ বলেন, আমরা নৌকার সমর্থকরা কামরাবাদ বাজার হয়ে বরগুনা সদরের দিকে যাচ্ছিলাম। তখন রাস্তার পাশে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ও তাদের সমর্থকরা দাঁড়িয়ে ছিলো। আমাদের দেখে তারা আমাদের ধাওয়া করে এবং দা-লাঠি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার মাথায় কোপ দেয়। এমনকি আমরা যাতে যেতে না পারি সেজন্য গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। পরে আমাদের অন্যান্য লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান বলেন, আমি টানা দুবার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তা দেখে তারা এমন কর্মকাণ্ড চালাচ্ছে। সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। হামলা, ভয়ভীতি দেখিয়ে তারা কখনও জনগণের ভোট পাবেনা। আমি হামলাকারীদের শাস্তির দাবী জানাই।
তবে এসব অভিযোগ মিথ্যা দাবী করে অপর চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির বলেন, আমার কর্মীরা মোটরসাইকেলে যাচ্ছিলেন, হঠাৎ সিদ্দিকুর রহমানের সমর্থকরা এসে পেছন থেকে আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এবং আমার কর্মীদের উপর হামলা চালায়। আমার কর্মীরা জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে পালিয়ে আসে। তারা আমাদের তিনটি মোটরসাইকেল ভাংচুর করে ও একটি মোটরসাইকেল নিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বরগুনা থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ওই ইউনিয়নে কয়েক দফা টহল দেয়। পরিস্থিতি এখন শান্ত। তবে এখন পর্যন্ত কেহ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।