বগুড়ার কাহালুতে একটি সরকারি খাস পুকুর খননকালে অক্ষত অবস্থায় একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়।
সোমবার সকাল ১০টায় কাহালু উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়ায় অবস্থিত সরকারি খাস পাল্লা নামক পুকুরে মাটির নীচ থেকে প্রায় ৮৬ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার হয়।
আব্দুস সালাম নামে স্থানীয় এলাকাবাসী জানায়, খাস পুকুরটি লিজ নিয়ে হাবিল নামের এক ব্যক্তি খনন চালাচ্ছিলেন। সোমবার সকালে ভেকু মেশিন দিয়ে পুকুর খননকালে মাটির প্রায় ৫ থেকে ৬ ফিট নীচ থেকে অক্ষত অবস্থায় একটি মূর্তি পাওয়া যায়। ধারণা করা যাচ্ছে এটি প্রাচীন আমলের একটি বিষ্ণুমূর্তি যা কোনভাবে ওই পুকুরের মাটির নিচে চাপা পরে যায়।
স্থানীয়রা দূর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদেরকে জানালে তিনি কাহালু থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানার এস আই খোকন চন্দ্র ঘটনাস্থলে গিয়ে ওই মূর্তিটি থানা নিয়ে আসেন।
কাহালু থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন।