নওগাঁর মান্দায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে মসলেম উদ্দিন বাদি হয়ে রোববার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ মোল্লাপাড়া গ্রামের নব্য আওয়ামী লীগার মোজাম্মেল হকসহ একই গ্রামের আয়নাল হক, আনোয়ার হোসেন, লবির উদ্দিন, দবির উদ্দিন, চঞ্চল হোসেনসহ ২৪ জনের নাম উল্লেখ রয়েছে। একদিন পেরিয়ে গেলেও থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে ভুক্তভোগী দুই পরিবারের শিশুসহ ১৩ জন সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছে। পানির ব্যবস্থা, রান্নার চুলাসহ চাল-ডাল না থাকায় পরিবারের নারী সদস্যরা রান্না করতে পারছেন না। এ অবস্থায় আত্মীয়-স্বজনদের দেয়া খাবারেই তাদের দিন চলছে।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার সকাল ৯টার দিকে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ ডাঙ্গাপাড়া গ্রামে মসলেম উদ্দিনের বসতবাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে ভাড়াটিয়া বাহিনী দিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। হামলাকারীরা দুটি পরিবারের বসতবাড়ি নিশ্চিহ্ন করাসহ মালামাল লুট করে নিয়ে যায়।