সন্তানের রেখে যাওয়া টাকা নিয়ে ফেরা হলো জোসেদা বেগমের। রোববার সকালে টাকা বুঝে আনতে ঢাকা যাওয়ার পথে ফরিদপুর এক মর্মান্তি সড়ক দুর্ঘটনায় জোসেদাসহ ছয়জন মারা যান। জোসেদা ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের ভৈরবা বাজারপাড়ার আবদুর রশিদের স্ত্রী।
নিহত জোসেদা বেগমকে এলাকার সবাই পাগলী বলেই জানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ভৈরবা বাজারের পাশে একটি ঝুপড়ি ঘরে তাদের বসবাস। স্বামী আবদুর রশিদ কখনো ভ্যান চালায়, কখনো কাঠখড়ি কুড়িয়ে বিক্রি করেন। স্বামীর সামান্য আয় আর অন্যের দেওয়া সাহায্যে কোন রকমে চলে তাদের সংসার। আবদুর রশিদ তার দ্বিতীয় স্বামী। জোসেদার প্রথম স্বামী মারা যাওয়ার পর বিয়ে হয় আবদুর রশিদের সাথে। তাদের সংসারে আরেক সদস্য আব্দুল্লাহ। যাকে বছর পাঁচ আগে কুড়িয়ে পেয়েছিলেন জোসেদা।
জোসেদার আগের পক্ষে একটি ছেলে সন্তান ছিল। যে বড় হওয়ার সাথে সাথে হিজড়ায় রুপান্তরিত হয়। কাজলী নামের এ হিজড়া পরে এলাকা ছেড়ে ঢাকায় চলে আসে। সেখানে হিজড়াদের সাথে মিশে বেশ টাকা পয়সা উপার্জন শুরু করে। সে টাকাতে ঢাকায় কিছু সম্পদ তৈরি করে ফেলে। এ ছাড়া একটি ইন্স্যুরেন্স কোম্পানীতে বীমা করেন। গত দুই বছর আগে আগুনে দগ্ধ হয়ে মারা যায় কাজলী। এরপর কাজলীর রেখে যাওয়া সম্পদ ও ইন্স্যুরেন্সের টাকা পেতে আদালতে মামলা করেন জোসেদা। সম্প্রতি সেই মামলার সাকসেশন রায় হয়। ফলে প্রাপ্ত টাকা বুঝে নিতে জোসেদা বেগম স্বামী সন্তান, বাদি-বিবাদি দুই আইনজীবী ও এলাকার কয়েকজন পরিচিত মানুষ নিয়ে রোববার সকালে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। পথিমধ্যে ফরিদপুরের মধুখালী উজেলার মাঝকান্দিতে পৌছালে ঢাকাণ্ডখুলনা মহাসড়কে পাশের একটি ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক জ্বালানি নিয়ে মহাসড়কে ওঠার সময় মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে জোসেদাসহ মাইক্রোবাসের ছয়জন নিহত হয়। জোসেদার স্বামী আবদুর রশিদ ও পালিত ছেলে আব্দুল্লাহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা ভালো না, বলছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে আব্বাস আলী নামে একজন আইনজীবী রয়েছেন। হতাহত সবার বাড়ি মহেশপুর উপজেলা বাশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা, বাগান মাঠ ও সামান্তা গ্রামের বাসিন্দা।
ভৈরবা বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, একসাথে এত মানুষ মারা যেতে পারে প্রথমে আমরা বিশ্বাস করছিলাম না। পরে টেলিভিশনে সংবাদ দেখে বিশ্বাস হয়। তাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর এলাকা যেন মৃত্যুপুরি মনে হচ্ছে। সবার মধ্যে শোক ছড়িয়ে পড়েছে।