প্রতিদিনই খারাপ হচ্ছে ব্রাজিলের করোনা পরিস্থিতি। রোগীদের চাপে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় ইউরোপের দেশগুলো করোনার তৃতীয় ঢেউ আটকাতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনায় স্মরণকালের সবচে ভয়াবহ সময় পার করছে ব্রাজিল। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ৮শ' জনের। শনাক্ত ৯০ হাজারের কাছাকাছি। জীবন বাঁচাতে মানুষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় করোনার তৃতীয় ঢেউ আটকানো সম্ভব হবে না ইউরোপে। টিকা নিয়ে শঙ্কা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। শুক্রবার নিজ নিজ দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স। ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোর আশ্বাসের পর শুক্রবার থেকে ফের অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ শুরু করে ইতালি, নেদারল্যান্ডসসহ বেশকটি দেশ। ফ্রান্সে টিকাটির ব্যবহার শুধু ৫৫ বছরের বেশি বয়সীদের ওপর সীমাবদ্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে টিকা না নেয়ার সিদ্ধান্ত ফিনল্যান্ডসহ স্ক্যান্ডিন্যাভিয়ান দেশগুলোর। অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার চালিয়ে যেতে দেশগুলোর প্রতি ফের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থাটির প্রধান জানান, সংক্রমণ মোকাবিলা ও মৃত্যু কমাতে টিকাটি ব্যাপক সম্ভাবনাময়। ব্যবহার না করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা দেয়ার সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ও মেক্সিকোর প্রেসিডেন্ট। করোনা বিধিনিষেধ অমান্য করার অভিযোগে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। নতুন করে শুরু হওয়া লকডাউন এড়াতে প্যারিস ছাড়ছেন অনেক বাসিন্দা। সংক্রমণ বাড়তে থাকার পরও অর্থনীতি পুনরুদ্ধারে আগামী সপ্তাহ থেকে বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নেবে গ্রিস। করোনায় বিশ্বে একদিনে প্রাণ হারিয়েছে ৯ হাজার ৯শ' ১৪ জন। একদিনে শনাক্ত ৫ লাখ ১৪ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত ১২ কোটি ২৯ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ২৭ লাখ ১৪ হাজারের কাছাকাছি।