নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাড়াটিয়া বাহিনী দিয়ে তান্ডব চালিয়ে দুটি বসতবাড়ি নিশ্চিহ্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় বাড়ি দুটির ইটের গাঁথুনি গুড়িয়ে দিয়ে ছাউনির টিন, টাকা, ধান-চাল, ছাগলসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে। দেখে বোঝার উপায় নেই কয়েকঘন্টা আগেও ওই বসতভিটায় দুটি পরিবারের সাজানো গোছানো সংসার ছিল। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাবের আলী ও সারেফ আলী মন্ডল জানান, বসতভিটার জমি নিয়ে জাফরাবাদ মোল্লাপাড়া গ্রামের মোজাম্মেল হক গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এনিয়ে দায়েরকৃত মামলাটি ২০১৬ সালের ১ ডিসেম্বর নওগাঁ সহকারি জজ আদালত তাদের পক্ষে রায় প্রদান করে। পরবর্তীতে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর জমিটি বুঝিয়ে দেন আদালত। এরপর থেকে তারা সেখানে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন।
তারা অভিযোগ করে বলেন, হঠাৎ করেই রোববার সকাল ৯টার দিকে প্রতিপক্ষ মোজাম্মেল হক, আয়নাল হক উজ্জলের নেতৃত্বে শতাধিক ভাড়াটিয়া বাহিনী রামদা, হাঁসুয়া, লাঠি-সোটাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়।্ ভয়ে পরিবারের লোকজন অন্যত্র গিয়ে আত্মগোপন করে। এ সময় হামলাকারীরা বসতবাড়ির টিনের ছাউনি, নগদ টাকা, ছাগল, ধান-চালসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ইটের গাঁথুনি। লুট করে নিয়ে যাওয়া হয়েছে জমির মূল্যবান কাগজপত্রসহ মামলার রায়ের কপিও। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা বিলের ভেতর দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে প্রতিপক্ষের মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ফোর্সসহ আমি নিজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।