জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় এক মিটার পর্যন্ত জলচ্ছোস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
জাপানের ভূত্বাত্তিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূমিকম্পটি মিয়াগি উপকূলীয় এলাকায় আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪০ মাইল। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি। তবে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল বিদ্যুৎ সরবরাহ।
এছাড়া টোহোকু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি জানিয়েছে, তাদের নিউক্লিয়ার প্ল্যান্টে কোন ক্ষত হয়নি। এর আগে ২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।