নওগাঁর মান্দায় মাত্র তিনদিনের ব্যবধানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় আবারো একটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পরে হঠাৎ করেই গ্রামের জসিম উদ্দিন মন্ডলের বাড়িতে ধোঁয়ার কুন্ডলি দেখা যায়। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
গৃহকর্তা জসিম উদ্দিন মন্ডল জানান, বসতবাড়ির পশ্চিম ভিটার দোতালার একটি কক্ষে বিদ্যুতের সুইসবোর্ড থেকে আগুন লেগে যায়। এ সময় বাড়ির লোকজন নিচতলায় অবস্থান করছিলেন। আগুনে দোতালার দুটি কক্ষের সমুদয় আসবাবপত্রসহ নগদ সাড়ে ৭ লাখ টাকা পুড়ে গেছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল। তিনি বলেন, গত বুধবার ইউনিয়ন পরিষদের সদস্য বিমল কুমার প্রামানিকের গোয়ালঘরে দেওয়া কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অসতর্কতায় অগ্নিকান্ডের প্রধান কারণ বলেও উল্লেখ করেন তিনি।