গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত মোসলেম আলী (৭৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের খুজিয়া শেখের ছেলে মোসলেম আলীর সাথে প্রতিবেশি মজির উদ্দিনের ছেলে আনজু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে মোসলেম আলী আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলাম, বুলবুরী বেগম, সাজু মিয়া ও দুলা মিয়াকে গ্রেফতার করেছে। এ নিয়ে নিহতের ছেলে মনজু মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে। থানা কর্মকর্তা ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।