নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাসে ফেন্সিডিল ভর্তি ব্যাগ পরিবহণের অভিযোগ করায় একজন ব্যবসায়ী বিষয়টির খোঁজ না নিয়ে উল্টো অভিযোগকারী ড্রাইভারকে আটকে রেখে মারপিট করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে শ্রমিক নেতারা তাকে ছাড়িয়ে নেন। এ নিয়ে ওই ব্যবসায়ীর লোকজন ও পরিবহণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রকৃতপক্ষেই যাত্রীরা কি ফেন্সিডিল বহন করছিল, নাকি ড্রাইভার উদ্যেশ্যমূলকভাবে মিথ্যা কথা বলছে তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। থানা পুলিশ বিষয়টি এখনও জানতে পারেনি বলে জানান। বিষয়টি এখন মহাদেবপুরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
প্রহৃত মাইক্রোবাসের ড্রাইভার উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মেহেদী জানান, শুক্রবার (১৯ মার্চ) সকালে মহাদেবপুর উপজেলা সদরের একজন বিশিষ্ট ব্যবাসায়ীর স্ত্রী সন্তানসহ কয়েকজনকে নিয়ে ধামইরহাট উপজেলা সদরে যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার সময় বাহির থেকে একজন লোক দুইটি ব্যাগ তুলে দেন। রাতে মহাদেবপুর ফিরে এসে বাসায় ব্যাগ দুটি নামানোর সময় তার শরীরের সাথে ব্যাগের সংস্পর্শে তার সন্দেহ হয় যে, ব্যাগ ভর্তি বোতল রয়েছে। তাদেরকে বাসায় নামিয়ে দিয়ে ব্যবসায়ীর দোকানে এসে ভাড়া নেয়ার পর মেহেদী ওই ব্যবসায়ীকে তার সন্দেহের কথা জানান। এতে ওই ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে তাকে চর থাপ্পর মারতে শুরু করেন। পরে তাকে আটকে রেখে ওই ব্যবসায়ী ও তার আরো ৪ জন বন্ধু লাঠি দিয়ে বেদম প্রহার করেন।
জানতে পেরে শ্রমিক নেতারা সেখানে উপস্থিত হলে নেতাদের সামনেই তাকে প্রহার করা হয়। এনিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি হাসান আলী জানান, ব্যাগে ফেন্সিডিল জাতীয় কোন বোতল ছিল কিনা তা খোঁজ না নিয়ে ড্রাইভার মেহেদীকে অন্যায়ভাবে মারপিট করা হয়েছে। তারা এর বিচার চান।
ওই ব্যবসায়ী জানান, তার পরিবার সম্পর্কে অযথা অপবাদ দেয়ায় তিনি প্রতিবাদ করেছেন। তবে বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে বলেও জানান।
জানতে চাইলে মোবাইলফোনে মহাদেবপুর থানার ওসি বলেন, তারা বিষয়টি জানেন না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।