মিয়ানমারে পুলিশের গুলিতে বৃহস্পতিবার আরও তিন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো। বৃহস্পতিবার বাগো মনিয়া শহরে পুলিশে গুলিতে মারা যায় তিন বিক্ষোভকারী। এ নিয়ে পহেলা ফেব্রুয়ারি থেকে জান্তা সরকারের বাহিনীর হামলা ও গুলিতে নিহত হয়েছে ২শ' ২৪ জন। এদিকে, বৃহস্পতিবার ভার্চুয়ালি আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেয়ার পর এটাই প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন তিনি। তবে মিয়ানমারের চলমান সমস্যা নিয়ে কোন কথা বলেন নি মিয়ানমারের সেনা প্রধান। অন্যদিকে দেশটির ক্ষমতাচ্যুত আইনপ্রণেতারা জান্তা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের বিভিন্ন শহর এবং উপশহর থেকে শত শত নাগরিক পালিয়ে প্রতিবেশি দেশ থাইল্যান্ড সীমান্তের দিকে ছুটছেন। মায়ে সোত জেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় ৪৩ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ড।