নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে সিংড়া বিএনপির একটি অংশ মনগড়া কমিটি ঘোষণার ৫ঘন্টার মাথার অপর অংশ নতুন করে পাল্টা কমিটি গঠন করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখ দিয়েছে। তৃণমূল বিএনপিতে চলছে সমালোচনার ঝড়।
সুত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ নভেম্বর সিংড়া উপজেলা বিএনপির ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় নাটোর জেলা বিএনপি। কমিটিতে আহ্বায়ক একজন, যুগ্ম আহ্বায়ক চারজন ও সদস্য সচিব একজন এবং বাঁকিদের সদস্য পদ দেয়া হয়। তৃণমূলসহ ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে আহবায়ক, যুগ্ম আহবায়কবৃন্দ ও সদস্য সচিব এর স্বাক্ষরে সকল কমিটি অনুমোদন দিতে লিখিত নির্দেশনা দেয় জেলা বিএনপি। কিন্তু বুধবার (১৭মার্চ) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার ১২টি ইউনিয়নের কমিটি ঘোষণা করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টু ও সদস্য সচিব দাউদার মাহমুদ। এর ৫ঘন্টার মাথায় রাত ৯টায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির চারজন যুগ্ম আহ্বায়ক প্রতিটি ইউনিয়নের পাল্টা কমিটি ঘোষণা করেন। এরপর থেকে নেতাকর্মীসহ তৃণমুল বিএনপির মধ্যে দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। চলছে সমালোচনার ঝড়।
এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, প্রত্যন্ত অঞ্চলে বিএনপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে জেলা বিএনপির নির্দেশনা মোতাবেক ও সংবিধান অনুযায়ী ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আর প্রতিপক্ষের কোন কমিটি ঘোষণা দেয়ার অধিকার নেই বলে জানান তিনি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. ইউসুফ আলী বলেন, জেলা বিএনপির লিখিত নির্দেশনা তোয়াক্কা না করেই নিজেদের মতো পকেট কমিটি দিয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে। তাই সংখ্যা গরিস্টতার ভিত্তিতে পাল্টা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
আর উপজেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে রাতের আধাঁরে পকেট কমিটি অনুমোদন দেয়া খুবই দুঃখজনক বিষয়। এটা মেনে নেয়া যায় না।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সিংড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে বিবাদমান পক্ষকে শনিবার নাটোর জেলা বিএনপির কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।