মণিরামপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে একজন সেলুন কর্মীকে যুগ্ম আহ্বায়ক করা’সহ কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহবায়কের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া। এ ছাড়া নব-অনুমোদনকৃত কমিটির দুই সদস্য তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর পৌরশহরের নারকেল পট্টি বিএনপির দলীয় কার্য্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পাঠ করেন জিয়াউল হক জিয়া।
লিখিত বক্তব্যে জিয়া দাবী করেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের বাসায় যাতায়াতের পরে পক্ষপাতমূলক ১৫ সদস্যের একটি কমিটি ঘোষনা করা হয়েছে। ৩১ সদস্যে বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের এ কমিটি ঘোষনা করা হয়েছে গত ১৫ই মার্চ। ঘোষিত কমিটিতে বিল্লাল গাজীকে আহ্বায়ক এবং হুমায়ুন কবীরকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া অভিযোগ করা হয়েছে, সংগঠনের যে দু’ব্যক্তিকে প্রধান করা হয়েছে তারা দুই ব্যক্তিই মণিরামপুরে বিএনপির রাজনীতির মাঠে কখনই আসেননি। এ ছাড়া কুয়াদা বাজারের একজন সেলুন কর্মীকে ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পক্ষপাত মূলক এ কমিটিকে প্রত্যাখান করে কমিটির ৮নং যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও মহাসিন আলী নামের দু’জন পদত্যাগের ঘোষনা করেছেন।
সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের কুশপুত্তলিকা দাহ করেন তারা। সংবাদ সম্মেলনে আরও দাবী করা হয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ইফতেখার সেলিম অগ্নি মণিরামপুর বিএনপির রাজনীতিতে দুটি ধারায় বিভক্তি করে ফেলেছেন।
তাকে দালাল অখ্যায়িত করে লিখিত বক্তব্যে বলা হয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফা আমির ফয়সালকে ম্যানেজ করেই এহেন কমিটি দেওয়া হয়েছে। আর পক্ষপাত মূলক এ কমিটি করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের কুশপুত্তলিকা দাহ’সহ মণিরামপুরে তাদেরকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।