খুলনার ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও অপর পাঁচজন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: ইয়ারব হোসেন ঘোষিত এ মামলার রায়ে ফরিদ মোল্লা, মেজবাহ মোল্লা, মোরতোজা ও টুটুলকে মৃত্যুদণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ড হয় মোস্ত মোল্লা, সেলিম শিকদার, নাসির শিকদার, মেহেদী মোল্লা ও শহিদুল শিকদারের।
মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত মোরতোজা ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মেহেদী আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৫ আগস্ট রাতে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখকে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে ওই রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই হিরু শেখ ৩০ জনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২০১৩ সালের ৬ ডিসেম্বর ১৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে।