যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারা দেশের ন্যয় রাজশাহীতেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শত তম জন্ম বার্ষিকী উদ্্যাপন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দিনব্যাপী আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠন ছাড়াও রাজশাহী জেলা প্রশাসনের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।
দিবসটিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কেক কাটা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে শিশুদের কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা শেষে তাদের মাঝে চকলেট বিতরণও করেন মেয়র লিটন।
দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার দুপুরে মহানগরীর উপশহরে রাজশাহীর সমাজসেবা অধিদফতরের আওতাধীন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অনেক স্নেহ করতেন ও ভালোবাসতেন। বঙ্গবন্ধুর মতোই তাঁরই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা শিশুদের ভালোবাসেন। সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার বিভিন্ন কল্যানমূলক কাজ করছে। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র প্রতিষ্ঠা তার মধ্যে অন্যতম একটি কাজ।
মেয়র আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের ছোট থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
এদিকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরভবন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দ। এরপর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা ও মহান মুুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ।
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এদিন সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, ১৯৭৫ সালের পর অনেক রাত পেরিয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধু ফিরে আসেননি। তাঁর দৈহিক মৃত্যু হলেও আদর্শ ও কর্মের দ্বারা আমাদের মাঝে রয়েছেন। বঙ্গবন্ধু যখন বিদেশ যেতেন তাঁর মুখে আত্মবিশ^াসের ছাপ থাকত। এটা সম্ভব হয়েছিল দেশাত্মবোধ ও দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে। আর এটাই ছিল বঙ্গবন্ধুর মূলমন্ত্র। তিনি চেয়েছিলেন দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে। বঙ্গবন্ধু অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী হতে শিখিয়েছিলেন। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন।
বিভাগীয় কমিশনার বলেন, আজকে যারা শিশু তারাই ভবিষ্যতে দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করবে। তাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব প্রত্যেক শিশুর হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেয়া, যাতে তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে পারে। তাহলেই জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতির জনকের জন্মদিন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার শিশুদের নিয়ে কেক কাটেন। তার আগে জাতির জনকের প্রতিকৃতিতে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক ও অন্যান্য দপ্তর প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন বলে নিশ্চিত করেছেন তথ্যবিবরণী।