রাজশাহীর চারঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
দিনের প্রথম প্রহরে ৩১ বার তপধ্বনি এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞ্যাপন-সহ চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে সু-বিশাল কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারঘাট উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ, চারঘাট মডেল থানা, উপজেলা ছাত্রলীগ-সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক-পৃথক ভাবে এই দোয়া মাহফিল এবং কেক কাঁটার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম।
ফকরুল ইসলাম ১৯৭৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট-নিরপেক্ষ সম্মেলনে কিউবার নেতা ফিদেল কাস্ট্রোর সঙ্গে শেখ মুজিবুর রহমানের বৈঠক এর উদ্ধৃতি তুলে ধরে বলেন, ‘আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি ছিলেন হিমালয়ের সমতুল্য। আর এভাবেই আমি হিমালয় দেখার অভিজ্ঞতা লাভ করেছি।
প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আ'লীগের অন্যতম সদস্য সাইফুল ইসলাম বাদশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, মডেল থানার কর্মকর্তা ইনচার্জ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, ছাত্রলীগ সভাপতি আল-মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যাক্তিবর্গ।