নওগাঁর মান্দায় গোয়ালঘরে দেয়া কয়েল থেকে সৃষ্ট আগুনে ১৪টি গরু, ১২টি ছাগল, হাঁস-মুরগীসহ একটি বসতবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে গনেশপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিমল চন্দ্র প্রামানিকের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকা-ে পাঁচ পরিবারের ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। আগুনে ওই পরিবারের গৃহবধূ সরস্বতী রানী (৩০) দগ্ধ হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য বিমল কুমার প্রামানিক জানান, মঙ্গলবার রাতে খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে বাড়িতে আগুন লাগার বিষয়টি তারা টের পান। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল ঘটনাস্থল পৌঁছে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
তিনি আরও বলেন, মশার উপদ্রপের কারণে রাতে গোয়ালঘরে কয়েল দেওয়া ছিল। সেটি থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে তাদের পাঁচ পরিবারের ১৪টি গরু, ১২টি ছাগল, হাঁস-মুরগী ধান-চালসহ সমুদয় মালামাল পুড়ে যায়। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বুধবার দুপুরে মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা এমদাদুল হক, ইউএনও আবদুল হালিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা এমদাদুল হক ব্যক্তিগতভাবে ১০ হাজার ও ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা ২ হাজার টাকা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুও ব্যাক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে অনুদান প্রদান করেন।