দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও কিছু বিক্রয় কেন্দ্রে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে ব্যাপক হতাহতের ঘটনায় জনমনে উদ্বোগ উৎকণ্ঠা যখন বেড়েই চলেছে তখন রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন হাট বাজারে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি সিলিন্ডার গ্যাস। আবার এসব সিলিন্ডার গ্যাসে ওজনে কম ও অনেক সিলিন্ডারে পানি থাকার অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে প্রতারিত হচ্ছেন সাধারন গ্রাহকরা।
খোজ নিয়ে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ, তাহেরপুর সহ কয়েকটি স্থানে বিভিন্ন ব্রান্ডের এলপি গ্যাসের অথরাইজড(বৈধ) ডিলার রয়েছেন কয়েকজন। অথচ উপজেলার প্রায় শতাধিক স্থানে যত্রতত্র ভাবে বিক্রি হচ্ছে সিলিন্ডার ভরা এলপি গ্যাস। এতে অগ্নিকা- সহ নানাবিধ দূর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে। স্থানীয়রা জানান, বাগমারার বিভিন্ন হাট বাজারে এমনকি পান বিড়ির দোকানেও পাওয়া যাচ্ছে এলপি গ্যাস। এসব গ্যাস দোকানের পাশে রাস্তার ধারে যত্রতত্র ভাবে রাখা থাকে। অনেকে খোল আকাশের নিচে উন্মুক্ত স্থানে রোদের মধ্যে গ্যাসের সিলিন্ডার রেখে বিক্রি করেন। বিশেষজ্ঞ মতে ব্যাপক তাপের ফলে এই সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটতে পারে। আর এসব সিলিন্ডার বিস্ফোরন হয়ে অগ্নিকা- হলে তা সহজেই নিয়ন্ত্রন করা যায় না। তাই এসব সিলিন্ডার সংরক্ষন বিক্রি ও পরিবহনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
অপর দিকে প্রত্যেকটি সিলিন্ডারে সাড়ে ১২ কেজি গ্যাস থাকার কথা থাকলেও বেশ কিছু অসাধু ব্যবসায়ী ৯/১০ কেজি গ্যাস দিয়ে পুরো দাম নিচ্ছেন। এতে হরহামেশাই প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। এত কিছুর পরও যন্ত্রনার শেষ নেই। কম ওজনের গ্যাস সঠিক ওজনের দামে কিনতে হচ্ছে তাদের। সব মিলিয়ে গ্রাহকরা গ্যাস ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হলেও প্রশাসন রয়েছে নিরব।
প্রত্যন্ত গ্রাম এলাকার গৃহিনীদের অনেকেই এখন এলপি গ্যাস ব্যবহার শুরু করেছে। গড়ে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ থেকে ৩০ হাজার গ্রাহক এখন এলপি গ্যাস ব্যবহার করছে।
আটশ টাকা দামের এলপি গ্যাস এখন দাম বাড়তে বাড়তে হাজার টাকার উপরে চলে গেছে। উপজেলাব্যাপী এসব এলপি গ্যাস বিক্রিতে প্রশাসনের কোন মরিটরিং না থাকায় বিক্রেতারা চরম বেপরোয়া হয়ে ওঠেছে বলে অভিযোগ করেন গ্রাহকরা।
সরেজমিনে জানা যায়, দোকানীর কথা মত সাড়ে ১২ কেজি ওজন নিশ্চিত হয়ে সিলিন্ডার এলপি গ্যাস কিনেছেন ভবানীগঞ্জ বাজরের বাসিন্দা বেলাল হোসেন। কিছু দিন ব্যবহার করার পর দেখা গেল সিলিন্ডার থেকে আর গ্যাস বের হচ্ছে না। এতে তার সন্দেহ হয়। তিনি ক্রয়কৃত দোকানে সিলিন্ডার নিয়ে গেলে ওজন দিয়ে দেখা যায় তখনও সেখানে ৩/৪ কেজির মত গ্যাস রয়েছে। তবে চুলা জ¦লছে না। এ সময় তিনি দোকানীর কাছে জানতে পারেন তার সিলিন্ডারটি অতি পুরাতন এবং সেখানে গ্যাসের গাদ( ভারি গ্যাস জাতীয় পদার্থ) জমে এমনটি হয়েছে। শাহনাজ নামে এক এনজিও কর্মী জানান, তিনি স্থানীয় বাজার থেকে একটি এলপি সিলিন্ডার কিনে এনে এক মাস না যেতেই তার চলা বন্ধ হয়ে যায়। অথচ তার সিলিন্ডারে তখনও গ্যাস ছিল। পরে তিনি দোকানে গিয়ে জানতে পারেন সেগুলো গ্যাস নয় পানি। এ সময় দোকানী তাকে সান্তনা দিয়ে বলে, এখন মাঝে মধ্যে দু’একটি সিলিন্ডারে গ্যাসের সাথে পানি মিশানো অবস্থায় পাওয়া যাচ্ছে।
উপজেলার দু’একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া এভাবে সরল বিশ্বাসে এলপি গ্যাস কিনে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা।
বিভিন্ন এলাকার ভুক্তভোগি গ্রাহকরা দাবী করে বলেন, এলপি গ্যাস ব্যবহার অত্যন্ত পরিবেশ বান্ধব। তাই সরকারের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে যত্রতত্র ভাবে এলপি গ্যাস বিক্রি, এলপি গ্যাসে পানি মিশানো, ওজনে কম দেয়া সহ বিভিন্ন প্রতারনা বন্ধ করে সাধারন গ্রাহকদের হয়রানী দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিতকরন সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। এই সেক্টরে কোন অনিয়ম বা দূর্নীতি কঠোর হস্তে দমন করা হবে। অচিরেই এ বিষয়ে দোকান গুলো পরিদর্শন ও সিলিন্ডার পরীক্ষা নিরীক্ষা করে কোন কারচুপি ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।