নাটোরের বড়াইগ্রামে পচা দুর্গন্ধযুক্ত চাল সংরক্ষণ ও বিক্রির মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।
জানা যায়, ২০১১ সালের ৮ জুলাই উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর এলাকায় চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার পচা ও দুর্গন্ধযুক্ত চাল সংরক্ষণ ও বিক্রি করেন। খবর পেয়ে স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকারসহ প্রশাসন ওই চাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা চাল জব্দ করেন। পরে এ ঘটনায় ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকার বাদী হয়ে চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার, তার সহযোগী আবদুল লতিফ এবং গোলাম রসুলের নামে নিরাপদ খাদ্য আইনে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী এবং স্বাক্ষ্য প্রমাণ শেষে দুপুরে বিচারক আবদুর রহমান সরদার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকারকে ৫ বছর এবং আবদুল লতিফ ও গোলাম রসুলকে তিন বছর করে কারাদ- এবং তিনজনকে আরো এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। রায় ঘোষণা শেষে আসামীদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।