সরাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)’র ‘আউট অব স্কুল চিলড্রেন’ এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সমাজ উন্নয়ন পল্লী সংস্থা (এসডিআরএস)’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। প্রকল্পের সরাইল উপজেলা সমন্বয়কারি মো. জাকিউল ইসলাম সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসডিআরএস’র নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন- প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, প্রাথমিক শিক্ষা কর্মককর্তা মো. আবদুল আজীজ, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আইসিটি বিভাগের উপজেলা সহকারি প্রোগ্রামার মো. শাকিল আহমেদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুর রহমান। প্রধান অতিথিসহ বক্তারা প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরাইলে অতীতে ‘আনন্দ স্কুল’ ও ‘রস্ক’ নামের দুটি প্রকল্প ভাল কাজ করেনি। প্রকল্পের মূল কাজ হচ্ছে ঝড়ে পড়া ও স্কুলে না যাওয়া ৮-১৪ বছর বয়সের শিশুদের বিদ্যালয় মূখী করা। দেশের মানুষকে শতভাগ শিক্ষিত করার লক্ষেই সরকার এ প্রকল্প দিয়েছেন। স্কুল স্থাপন, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী সংগ্রহ ও পরিচালনায় যেন কোন ধরনের অনিয়মের অভিযোগ না ওঠে। শিক্ষা কর্মকর্তা বলেন, শতভাগ চাই না। প্রকল্পের মাধ্যমে শিশুদের যেন নূন্যতম ধারণা দেওয়া হয়। প্রসঙ্গত: সরাইলের ৯টি ইউনিয়নে ‘আউট অব স্কুল চিলড্রেন’ প্রকল্পের আওতায় মোট ৭০টি স্কুল হবে। প্রত্যেক বিদ্যালয়ে একজন শিক্ষক দায়িত্ব পালন করবেন। প্রত্যেক বিদ্যালয়ে ঝড়ে পড়া ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। প্রত্যেক শিক্ষার্থী পাবে উপবৃত্তি। সরাইলে ১০ হাজার ৫ শত শিক্ষার্থীকে ভর্তি করার টার্গেট নেয়া হয়েছে।