নাটোরের লালপুরে স্বামীকে নিয়ে নানীর বাড়ীতে বেড়াতে এসে নাতনীর রহস্যজনক মৃত্যু। মৃত্যুর ঘটনায় পুলিশ নাত জামাই কে আটক করেছে।
লালপুর থানা ও নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস আগে উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর মন্ডলপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে হাসিবুলের সাথে দক্ষিণ লালপুর চরের বাদল শেখের মেয়ে রাবেয়ার (১৯) বিয়ে হয়। যৌতুকের দাবীতে তাদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকতো।
শনিবার ১৩ মার্চ বেলা ১১টার দিকে রাবেয়া ও তার স্বামী উপজেলার চক জোতদৈবকী গ্রামে রাবেয়ার নানীর বাড়ি বেড়াতে আসে। এ সময় নানী ছমেলা বাড়িতে না থাকলেও তারা বাড়িতে অবস্থান করে। যৌতুকের বিষয়ে রাবেয়া ও তার স্বামীর মধ্যে তর্কবিতর্ক হয়। এরপর রাবেয়াকে ঘরের মধ্যে রেখে তার স্বামী দরজায় তালা লাগিয়ে বাইরে চলে যায়।
কিছুক্ষণ পর তার স্বামী ফিরে এসে ঘরের তালা খুলে ঘরে প্রবেশ করে এবং সে ডাক চিৎকার করে বলতে থাকে রাবেয়া ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে রাবেয়াকে তীর থেকে নামিয়ে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবেয়ার লাশ উদ্ধার ও তার স্বামী হাসিবুলকে (২২) আটক করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে রাবেয়ার খালু মুকুল অভিযোগ করে বলেন, যৌতুকের দাবীতে তাকে তার স্বামী পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
লালপুুর থানার কর্মকর্তা ইনচার্জ সেলিম রেজা জানান, রাবেয়ার লাশ উদ্ধার ও তার স্বামী হাসিবুলকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।