নওগাঁর পত্নীতলায় এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলার হারপুর গ্রামের মৃত ছহির উদ্দীনের ছেলে রতন (৪৫) ও একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শামীম (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১০মার্চ) রাত ৮টার দিকে পত্নীতলা ইউনিয়নের হারপুর গ্রামে ইসলামি মাহফিলে যাওয়ার পথে ওই কিশোরীকে (১৬) যৌন নিপীড়ন করে রতন ও শামীম। এরপর যৌন নিপীড়নের ঘটনাটি গ্রাম্য সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে একটি মহল। এ ঘটনায় শুক্রবার বিকেলে কিশোরীর নানী পত্নীতলা থানায় যৌন নিপীড়নের অভিযোগে রতন ও শামীমের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রেক্ষিতে পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি রতন ও শামীমকে আটক করে।
এ বিষয়ে পত্নীতলা থানার কর্মকর্তা ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক ব্যক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।