সীমা রবিদাস। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর পূর্বপাড়া গ্রামে সীমার পরিবারসহ আরো ৩টি পরিবারের বাস। সীমা হলো এই রবিদাস কলোনীর সবচেয়ে শিক্ষিত নারী। সে নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। পিতার বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায়। বিবাহ সূত্রে সে এই গ্রামে এসেছে। গ্রামের মেঠোপথ ডিঙিয়ে চিকন আইলের রাস্তা পাড়ি দিয়ে এই রবিদাস কলোনীতে গিয়ে কথা হয় কয়েকজন নারীর সাথে। কথোপকোথনের সময় নারীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন সীমা। আর তাঁর সাথে সুর মিলাচ্ছিলেন কয়েকজন মধ্যবয়সী রবিদাস নারী। ২/১ জন সীমার কথায় সহায়তা করলেও অন্যরা কি বলবেন তা বুঝতে পারছিলেন না। রবিদাস নারীরা কথা বলার সময় পাশে থাকা তাঁদের স্বামীদের পানে মুখ চাওয়া-চাওয়ি করছিলেন। প্রতিবেদকের নানা প্রশ্নের উত্তরগুলো তাঁরা ঠিকঠাক দিবেন না গোপন করবেন সেটিই ছিলো তাদের একধরণের সংশয়ের বিষয়। নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আর নির্যাতনের বিষয়ে এই রবিদাস নারীরা এমনভাবে নিজেদের উপস্থাপন করছিলেন যেন তাঁরা হলেন দেশের সবচেয়ে স্বাধীন আর সুখী নারী। জীবণের প্রতিটি অধিকার আর মর্যাদা তাঁরা উপভোগ করতে পারছেন। কথার শেষ পর্যায়ে কলোনীর সবচেয়ে শিক্ষিত নারী হিসাবে সীমার একটি ফটো তুলতে চাইলে স্বামীর অনুমতি নিতে হবে বলে বাড়ি যান। এরপর তিনি আর ফটো তোলার জন্য ফিরে আসেননি।
নওগাঁয় বসবাসরত দলিত জনগোষ্ঠীর মধ্যে হরিজন, রবিদাস, ঋষী, হাঁড়ি ইত্যাদি অন্যতম। তবে নওগাঁয় কি পরিমাণ দলিত জনগোষ্ঠীর মানুষ বাস করছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য নেই। দলিত সম্প্রদায়ের মানুষরা পরিচ্ছন্নতা কর্মী, পাদুকা শ্রমিক, নরসুন্দর, কৃষি মজুর জাতীয় নিম্ন পেশার কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। তবে পরিচ্ছন্নতা কর্মী আর কৃষি মজুরের কাজের সাথেই দলিত নারীরা জড়িত। বর্তমানে পৈতৃক পেশায় সুবিধা করতে না পারা এবং দলিত ছেলে-মেয়েরা শিক্ষা লাভ করায় তাঁরা বাপ-দাদার পেশাকে অসম্মানজনক মনে করছে এবং অন্য পেশায় নিজেদের নিয়োজিত করছে। দলিত শ্রেণীর আওতাভুক্ত রবিদাস সম্প্রদায়ের প্রধান পেশা পাদুকা শ্রমিক হলেও তাঁরা নানাবিধ কারণে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে।
সরেজমিনে খাঁপুর পূর্বপাড়া রবিদাস কলোনীতে গিয়ে কথা হয় সীমা রবিদাস, পলি রবিদাস, আরতী রবিদাস, সুমিতা রবিদা, সনি, রবিদাস, বিজয় রবিদাসসহ আরো কয়েকজন নারী-পুরুষের সাথে। আলাপচারিতায় তাঁরা জানান, অনুষ্ঠান ছাড়া কলোনীর পুরুষরা নেশা পান করেন না। এ কারণে নেশা সংক্রান্ত কারণে নারীরা পারিবারিক সহিংসতার শিকার কমই হয়ে থাকেন। তবে সাধারণভাবে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদের ঘটনা ঘটে থাকে। যেটা তাঁরা গ্রাম প্রধানের মাধ্যমে নিস্পত্তি করে নেন। পরিবারের বাহিরে এখানে কখনও নারীর প্রতি সহিংসতার কোন ঘটনা ঘটেনি। রবিদাস নারীরা জানান, ছোট-খাট অসুখ বিসুখ করলে তাঁরা স্থানীয় ডিসপেনসারি, গ্রাম ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনে খান। যেটা তাদের স্বামীরা বা পরিবারের পুরুষরা তাদের এনে দেন। কলোনীর নারীরা বাড়িতেই সন্তান প্রসব করে থাকে। এ পর্যন্ত কলোনীর মাত্র একজন মেয়ের ক্লিনিকে গিয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করতে হয়েছে বলে জানান রবিদাস সম্প্রদায়ের এই নারীরা। বৃহত্তর সম্প্রদায়ের নারীদের ক্ষেত্রে যেখানে সিজারিয়ান না করে সন্তান প্রসব অসম্ভব সেক্ষেত্রে রবিদাস নারীদের পক্ষে বাড়িতেই কিভাবে প্রায় শতভাগ সন্তান প্রসব করা সম্ভব হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন এটা ভগবানের আর্শিবাদ। আমাদের সিজার করার সামর্থ্য নেই বলে ভগবানই আমাদের সেভাবে গড়ে তুলেছে।
আলাপকালে রবিদাস নারীরা আরো জানান, জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে তাদের সম্প্রদায়ের মানুষ ও আত্মীয়স্বজনরা বসবাস করছে। অনেকেই এলাকায় টিকতে না পেরে অন্যস্থানে চলে গেছে। তাদের সম্প্রদায়ের পুরুষরা জুতা সেলাই, সেলুন শ্রমিক আর কৃষিকাজ করে থাকে। মেয়েরা ঘরের কাজের পাশাপাশি কাজের মৌসুমে কৃষি কাজ করে থাকে। এছাড়াও বাড়িতে নারীরা হাঁস, মুরগি, গরু-ছাগল, ভেড়া ইত্যাদি গবাদিপশু পালন করে থাকে। এ সকল গৃহস্থালির কাজ থেকে যে বাড়তি আয় আসে সেগুলো তাঁরা সংসারের কাজে লাগান। গরু-ছাগল, হাঁস-মুরগি, ডিম বিক্রয়ের প্রয়োজন হলে স্বামীরাই হাটে নিয়ে গিয়ে তা বিক্রয় করেন এবং তাদের কাছেই টাকাণ্ডপয়সা রেখে দেন। পরিশ্রম করে নারীরা বাড়তি আয় করলেও তাঁরা নিজেদের প্রয়োজনে ইচ্ছেমতো খরচ করতে পারেন না। আর ইচ্ছেমতো খরচ করার প্রয়োজন বোধও তাঁরা করেননা এই রবিদাস নারীরা। সংসারের কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কে করেন সে বিষয়ে জানতে চাইলে সাক্ষাত প্রদানকারী রবিদাস নারীরা কিছুক্ষণ চুপ করে থাকেন। এ সময় তাঁরা একে অপরের দিকে তাকাতাকি করেন। কিছু সময় পর বিবর্ণ মুখে বেদনার হাসি দিয়ে তাঁরা বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত পরিবারের পুরুষরাই এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাহলে পরিবার পরিচালনা ও পরিবারের উন্নয়নে নারীর অবদান কোথায় গিয়ে দাঁড়ালো সেই প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেলো এই রবিদাস নারীদের কাছে।
এ বিষয়ে বাংলাদেশ রবিদাস ফোরামের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বাবুলাল রবিদাস জানান, একথা অস্বীকার করার উপায় নেই যে, দলিত নারীরা পরিবারে অবহেলার শিকার আর পরিবারের বাহিরে অস্পৃশ্যতার শিকার। দলিত নারীদের ক্ষেত্রে নিজস্বতা বলে কিছু নেই। স্বামী কর্ত্তৃক বছরে ২ সেট পোষাক আর দুবেলা খাবারের সংস্থানই তাঁরা চরম প্রাপ্তি বলে মনে করেন। পরিবারে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া আর না দেওয়ায় তাদের কিছু আসে যায় না। বাংলাদেশ রবিদাস ফোরাম নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মকাণ্ড হাতে নিয়ে আসামীতে প্রচারাভিযান পরিচালনা করবে।