বগুড়ার সান্তাহার শহরের আপ্রকাশি নামক একটি এনজিও কর্তৃক অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হবার মাত্র চার বছরের মধ্যে আরেকটির উদ্যোগক্তা একই কান্ড ঘটিয়েছে। এবার মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মালিক (নির্বাহী পরিচালক) প্রায় পাঁচ কোটি টাকা সঞ্চয় এবং আমানত হাতিয়ে নিয়ে স্ব-পরিবারে উধাও হয়ে গেছে। মেঘনা’র দিশেহারা শতাধিক নারী-পুরুষ সদস্য আমানত ফেরত পাওয়ার দাবীতে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা সমবায় কার্যালয়ে সমবেত হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মানব বন্ধন করেছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, সান্তাহার কলসা হলুদঘর এলাকার আনছার আলীর ছেলে মোঃ বায়েজিদ হোসেন কয়েক বছর পুর্বে “মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিডেট” নামের সংস্থা প্রতিষ্ঠা করে। তিনি সদস্য সংগ্রহ করে প্রথম দিকে ঋণদান ও তার বিপরিতে সঞ্চয় সংগ্রহ শুরু করে। এরপর প্রতি এক লাখ টাকার বিপরিতে প্রতি মাসে দেড় হাজার টাকা মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে শতাধিক নারী-পুরুষ সদস্যের নিকট থেকে প্রায় পাঁচ কোটি টাকা আমানত সংগ্রহ এবং মুনাফা দিতে থাকেন। একসময় কিছু সদস্য তাদের আমানতের টাকা তুলে নিতে শুরু করেন। আমানত তুলে নেয়ার খবর কানাকানি হলে অন্য সদস্যরাও আমানত তুলে নিতে ওই সমিতিতে ভীড় জমাতে থাকে। এর একপর্যায়ে সমিতির নির্বাহী পরিচালক মোঃ বায়েজিদ হোসেন সমিতি এবং ঘর-বাড়ি ছেড়ে রাতের আঁধারে স্ব-পরিবারে উধাও হয়ে যান। খবরটি নিশ্চিত হবার পর দরীদ্র সদস্যরা তাদের আমানত হারিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। তাঁরা বৃহস্পতিবার উপজেলা সমবায় কার্যালয়ে হাজির হয়ে আমানত ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে লিখিত অভিযোগ দেন এবং দুপুর দুইটার দিকে উপজেলা চত্বরে প্রায় আধা ঘন্টা ধরে মানব বন্ধন করেন।