নওগাঁর মান্দায় গ্রামীণ একটি সড়কে বেরিকেড দিয়ে ক্যামেরা, টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। বুধবার গভীর রাতে গোপালপুর-বটতলী রাস্তার কালামারা ব্রীজের মোড়ে ডাকাতির এ ঘটনা ঘটে। একটি ইসলামি জালসা থেকে বাড়ি ফেরার পথে মুসল্লীরা ডাকাতদলের কবলে পড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম স্বতন্ত্র ইফতেদায়ী মাদরাসার উন্নয়নকল্পে কর্তৃপক্ষ ইসলামি জালসার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরানপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু তালেব প্রামানিক।
স্থানীয়রা জানান, জালসার দ্বিতীয় বক্তা হাফেজ মাও. হাবিবুর রহমানের বয়ান শুনে বেশকিছু মুসল্লী সেখান থেকে বাড়ি ফিরছিলেন। পথে কালামারা ব্রীজের মোড়ে জালসার বক্তা হাবিবুর রহমান ও তার সহযোগী মুসল্লীদের সঙ্গে ডাকাতদলের কবলে পড়েন।
ডাকাতদল রাস্তায় বেরিকেড দিয়ে অস্ত্রের মুখে বক্তা ও মুসল্লীদের পথরোধ করে টাকা, ক্যামেরা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন মুসল্লীকে গাছের সঙ্গে বেঁধে রাখে ডাকাতরা। সংবাদ মান্দা থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে মুসল্লীদের উদ্ধার করে।
ভুক্তভোগী মুসল্লী নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের আশরাফুল ইসলাম ও চকসিতা গ্রামের শরিফ উদ্দিন, মান্দার ফেটগ্রাম গ্রামের বাবুল হোসেন জানান, ওইরাতে অন্তত: ১৫ জন মুসল্লী ডাকাতদলের কবলে পড়েন। ডাকাতরা চাকু ও পিস্তলের মুখে তাদের জিম্মি করে টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। জালসার দ্বিতীয় বক্তা হাফেজ মাও. হাবিবুর রহমানের একটি ক্যামেরা, মোবাইলফোন ও টাকা লুট করে নেয় ডাকাতরা।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।