যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রস্তুতি সভা নির্ধারিত সময়ের দুই ঘন্টা পর শুরু করা হয়েছে। দেরিতে শুরু করায় সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঘটনা ঘটে।
নোটিশ সূত্রে জানা গেছে, ১১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের মাসিক সভা, যার স্মারক নং- ২৫৩ (৪০)। একই দিনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের প্রস্তুতি সভার সময় বেলা সাড়ে ১১ ঘটিকা। যার স্মারক নং- ২৬৪(১৫০) এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সাথে ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রস্তুতি সভার সময় উল্লেখ করা হয়েছে বেলা ১২ ঘটিকা। যার স্মারক নং- ২৬৫(১৫০)।
সাংবাদিকদের অভিযোগ, আমন্ত্রণপত্রে উল্লিখিত সময়ের পরিবর্তে প্রায় দুই ঘন্টা পর প্রস্তুতিসভাগুলো শুরু করায় চলে যেতে বাধ্য হয়েছে সাংবাদিকরা। তবে সভায় উপস্থিত এক সংবাদকর্মী বিষয়টির প্রতিবাদ করেছেন বলে জানতে পেরেছি।
সভা ছেড়ে চলা যাওয়া স্থানীয় আওয়ামী লীগ, ইমাম পরিষদ, শিক্ষকম-লীরা জানান, সরকারি কর্মকর্তারা জনগণের বেতনভূক্ত। সময়ের ব্যাপারে তাদের কিছু যায়আসেনা। আমাদের তো কাজ থাকতে পারে? বিলম্ব হওয়ার কারণে আমরা চলে যেতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে প্রস্তুতি সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, উপজেলা পরিষদের মাসিক সভার কারণে প্রস্তুতিসভা বিলম্বে শুরু হয়েছে। আমি ক্ষমাপ্রার্থি। উপজেলা পরিষদের মাসিক সভার গুরুত্ব বেশি নাকি ১৭ মার্চ, ২৫ ও ২৬ মার্চের প্রস্তুতি সভার গুরুত্ব বেশি এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।