বগুড়ার নন্দীগ্রামে পৌর এলাকায় জুয়া খেলার অপরাধে যুবলীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা সবাই পেশাদার জুয়ারু।
বৃহস্পতিবার সকালে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গেল বুধবার রাতে নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মাঠে সেচ চালিত গভীর নলকুপের ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সদস্য ও নামুইট গ্রামের আকবর আলী (৪৬)। এ ছাড়া একই গ্রামের জুয়েল আলী (২৬), আনিছুর রহমান (২৫), হাসান প্রামানিক (২২), মোহাম্মাদ আলী (৫৫), আবদুল বারিক (৩৫), সোহারব আলী (৪০) ও লোকমান প্রামানিক (৪৫)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পৌরসভার নামুইট গ্রামের মাঠে সেচ চালিত গভীর নলকুপের ঘরে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল। এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদিসহ ৮ জনকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।