নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ দুই মাসেও দুই হত্যা রহস্য উদঘাটন করতে পারেনি। এনিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হতাশায় পড়েছেন নিহতদের পরিবার।
গত ৭ জানুয়ারি সকালে মহাদেবপুর থানা পুলিশ উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন দারুল উলুম কওমি মাদ্রাসার পাশের মাঠ থেকে ওই মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র রাব্বী হোসেনের (৯) মুখম-ল থেঁতলানো ও পায়ের আঙুল কাটা মৃতদেহ উদ্ধার করে। সে উপজেলার নাটশাল গ্রামের রমজান আলীর ছেলে। কুঞ্জবন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো তারা। মাদ্রাসায় এশার নামাজের পর বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওহানা হয় সে। রাতে মাদ্রাসায় না ফিরলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তার কোন খোঁজ নেয়নি। একটি বিশ^স্ত সূত্র জানায়, এরআগে মাদ্রাসার এক শিক্ষকের অনৈতিক কর্মকা- দেখে ফেলায় নিহত রাব্বীকে শাস্তি দেয়া হয়েছিল। এবারও তেমন কিছু হয়ে থাকতে পারে। ঘটনার পর তড়িঘড়ি করে মাদ্রাসা বন্ধ করে দিয়ে আবাসিক ছাত্রদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
এব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ তাৎক্ষণিক ওই মাদ্রাসার দুই শিক্ষককে আটক করলেও রহস্যজনক কারণে জিজ্ঞাসাবাদের পর রাতেই তাদের ছেড়ে দেয়া হয়। দুসপ্তাহ পর ২৩ জানুয়ারি পুলিশ ওই মাদ্রাসার সহকারী শিক্ষক ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করে নওগাঁ কোর্টে চালান দেয়। ১ ফেব্রুয়ারি তাকে দুই দিনের রিমান্ডে নেয়। কিন্তু পুলিশ তার কাছ থেকে তেমন কোন তথ্য উদ্ধার করতে সক্ষম হয়নি।
রাব্বীর মা রেহেনা বেগম তার ছেলেকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবী জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিনুল ইসলাম জানান, মামলার বেশ কিছু অগ্রগতি হয়েছে। তবে দুই মাসেও হত্যা রহস্য উদঘাটন বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
অপর হত্যাকান্ডটি ঘটে গত ১ ফেব্রুয়ারি সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের আঁদর পুকুরের পার্শ্ববর্তী একটি কলাবাগানে। থানা পুলিশ সেখান থেকে সাইদুর রহমান (৪২) নামে এক মৎস্যচাষীর লাশ উদ্ধার করে। তিনি তাতারপুর গ্রামের মৃত সফিজ উদ্দীনের ছেলে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
নিহতের স্ত্রী পারুল বিবি জানান, তার স্বমী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পুকুর লীজ নিয়ে মৎস্যচাষ করে আসছিলেন। প্রতিদিনের মত গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে আঁদর পুকুরের মাছ পাহাড়া দেয়ার জন্য তৈরি করা টঙ ঘরে যান। সকালে বাড়িতে না ফেরায় পুকুর পাড়ে খোঁজ নিতে গেলে সেখানকার একটি কলাবাগানে তার মৃতদেহ পাওয়া যায়। তিনি জানান, এলাকার কারো সাথে তার বিবাদ ছিলনা। তবে কিছুদিন আগে তার একটি পুকুর থেকে রাতে মাছ চুরি হলে তিনি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ দেন। মাছ চোরের দলই তাকে হত্যা করেছে বলে তার ধারনা। তিনিও দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবী জানান। এ ব্যাপারে নিহতের ছেলে পারভেজ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তদন্ত চলছে। তবে এখনো হত্যারহস্য উদঘাটন করা যায়নি।