‘বঙ্গবন্ধুর রাজনীতি বিলাশবহুল গাড়িতে ছিল না, তাঁর রাজনীতি ছিল মাঠে-ঘাটে জনতার সাথে একাত্ম হয়ে। তিনি জনতাকে আগুনের মুখে রেখে পালিয়ে যেতে চাননি। তিনি বাংলার মানুষের ন্যায্য দাবি আদায়ে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সে কারণে বঙ্গবন্ধুর উপর জনগণের বিশ^াস ছিল অপরিসীম।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ও বিস্তারের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দিবসটি উদযাপনের লক্ষ্যে সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘৭ মার্চ : স্বাধীনতার জীয়নকাঠি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিকী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা।
সভায় বক্তাগণ ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তৃতা প্রদানকালে বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ১০ লক্ষ জনতাকে জিজ্ঞেস করেছিল আমার উপর তোমাদের বিশ^াস আছে, তখন সবাই একযোগে বলেছিল হ্যাঁ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চের সেই ঐতিহাসিক দিনে বিশ^নন্দিত অলিখিত ভাষণের মাধ্যমে বাঙালির হৃদয়-স্পন্দনে প্রবেশ করেছিলেন। তিনি জনতার মনের ভাষা বুঝতে পেরেছিলেন। তাই তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
আর সেই দিন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে বলেছিলেন, তোমরা ঘরে ঘরে দূর্গ গড়ে তোল, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর সেদিনের ডাকেই বাংলার জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এর পরই ভাষণে উদ্বুদ্ধ এ বাঙালি জাঁতি পাকিস্তানি শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে আনে লাল-সবুজের পতাকা।
সভাশেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয়জনকে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রোববার দুপুরে তথ্যবিবরণী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঐতিহাসিক এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কর্মসূচি অনুযায়ী এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।