সড়কের পাশের বালুর কারণেই সরাইলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঝরল ইমরান মিয়া (২৫) নামের যুবকের প্রাণ। আহত হয়েছে শিশু মোফাচ্ছের (১০)। গতকাল সকালে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া কবরস্থানের কাছে ট্রাক্টর ও ছোট ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী পথচারীরা জানায়, গতকাল সকালে সড়কের পাশে রাখা বালু নিজের ট্রলি গাড়িতে লোড করছিল সরাইল সদরের নিজসরাইল গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে ইমরান। ট্রলিটি ছিল সড়কের একাংশ জুড়ে। দক্ষিণ দিক থেকে আসছিল বেপরোয়া গতির একটি ট্রাক্টর। মূহুর্তের মধ্যে বিকট শব্দে ট্রলির সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সড়কে ছিটকে পড়েন ট্রলি চালক ইমরান ও শিশু মোফাচ্ছের। ইমরানের বাম পা টি বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্ষ ক্ষরণে ক্রমশই দূর্বল হয়ে পড়েন ইমরান। আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা নেওয়ার পথে মারা যায়। পথচারীরা বলেন, সড়কের পাশে বালু রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এক শ্রেণির প্রভাবশালী লোক। ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়ায়, কুট্রাপাড়া মোড়ের পাশে, সরাইল-নাসিরনগর সড়কের জিল্লুকদার পাড়া ব্রিজের পাশে, বড্ডাপাড়া খাদ্য গুদাম ও কবরস্থান সংলগ্ন স্থানে, কালিকচ্ছ বিজিবি’র প্রথম গেইট এলাকার ব্রিজের (সূর্যকান্দি) দুইদিকে ও কালিকচ্ছ উত্তর বাজারের কালভার্ট সংলগ্ন স্থানে একেবারে সড়ক ঘেষে দীর্ঘদিন ধরে চলছে এ ব্যবসা। এ ধরণের গাড়ির নেই বৈধ কোন নিবন্ধন। চালকদের নেই লাইসেন্স। তারপরও তারা চলছে বীরদর্পে। সড়কের উপর বালুর ব্যবসার বিষয়ে প্রশাসন বরাবরই নির্বিকার। সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। তবে এখনো কেউ কোন অভিযোগ করেননি। খুঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।