শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার কে,এইচ,এন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন ও রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাধন কুমার মন্ডল আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
সার্বিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি। ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুন্ডুর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ হারুন অর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সরদার, মণিরামপুর থারার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি, এম মঞ্জুরুল হাসান সাজ্জাদ, প্রধান শিক্ষক আবদুল মান্নান প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক তার নিজস্ব চিন্তা-চেতনা, ব্যক্তিত্ব, মেধা-যোগ্যতা ও মননশীলতায় আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে শ্রেণির কার্যক্রম পরিচালনা করবেন। একজন শিক্ষকের সঠিক দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমেই সুশৃংখল ও প্রানবন্ত হয়ে উঠে শ্রেণির পাঠদান কার্যক্রম। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইতিহাস-ঐতিহ্যর ঘটনাবলি সঠিকভাবে উপস্থাপন করে গড়ে তুলতে হবে। তাহলে দেশ ও জাতির উন্নয়ন ঘটবে।