জেলা প্রশাসক কার্যালয়ের নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরের পার্বতীপুর এমএসবি ইটভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কারেন্টের হাট এলাকায় অবস্থিত ওই ইটভাটার জলন্ত চুল্লিতে ফায়ার সার্ভিসের জলবাহী গাড়ী পানি ঢেলে ভাটাটি নিষ্ক্রিয় করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। অবৈধ ইটভাটা বন্ধের এ অভিযানে পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ ও পার্বতীপুর দমকল বাহিনীর বিপুল সংখ্যক অগ্নি নির্বাপক কর্মী অংশ নেন। অভিযান চলাকালে ইটভাটা পরিচালনার বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় এমএসবি’র মালিক মোসলেম উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, ইটভাটা প্রস্তুত ও ইট ভাঁটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৪ ধারা অনুযায়ী তাকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পার্বতীপুরের সকল অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।