সোমবার (১ মার্চ) দুপুরে নওগাঁয় প্রকাশ্যে রাস্তায় সন্ত্রাসী কায়দায় এক মহিলাকে (২৭) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। তার মাথা ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং ডান হাতের একটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
জনতা নাজমুল হোসেন (৪২) নামে ওই সন্ত্রাসীকে ঘটনার সময় হাতে নাতে আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে একজন মাদকসেবী রিক্সাচালক ও শহরের মাস্টারপাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় ওই মহিলা শহরের দয়ালের মোড়ের হাসপাতালের সামনে দিয়ে যাবার সময় দি পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছলে পিছন দিক থেকে নাজমুল একটি গোস্ত কাটা চাপাতি দিয়ে ওই নারীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আটক নাজমুল দাবি করে যে, ওই মহিলা একজন বিধবা এবং তার পরিচিত। তার কাছ থেকে দূরে সরে যাওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে।
নওগাঁ সদর মডেল থানার এসআই হাফিজুর রহমান বলেন, স্থানীয়রা নাজমুলকে আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। তার ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।