সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান আবদুল জব্বার। গতকাল রোববার উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় স্থানীয় পিডিবি’র উপর ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘ ১৫ বছর ঘুরেও তিনি পিডিবি’র কাছ থেকে ১টি খুঁটি নিতে পারেননি। অথচ বর্তমান সরকার সরাইলেই ‘আমার গ্রাম, আমার শহর’ প্রকল্পের মাধ্যমে সর্বত্র বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করছেন। চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, সদরের শাহপাড়া এলাকায় একটি খুঁটি খুবই জরূরী। আমি আজ থেকে ১৫ বছর আগ থেকে স্থানীয় বিদ্যুতের কর্মকর্তাদের পেছনে ধরণা দিচ্ছি। দেম দিচ্ছি বলে আমাকে শুধু ঘুরাচ্ছেন। একসময় কর্তা ব্যক্তি অর্থাৎ নির্বাহী প্রকৌলীদের কাছেও গিয়েছি। কোন কাজ হয়নি। সর্বশেষ বিদ্যুৎ অফিসের লোকজনের দেয়া তথ্য মতে ঠিকাদারের লোক মো. সোহেলের কাছে খুঁটি চেয়েছি। তাও খুঁটি পায়নি। আশ্চর্য্য হলাম আমি একজন চেয়ারম্যান। আমিই ১৫ বছর ঘুরেও পায়নি ১টি খুঁটি। কেমন সেবা দিচ্ছে সরাইল পিডিবি? সাধারণ গ্রাহকরা কি অবস্থায় আছে। সেটা এখান থেকেই অনুধাবন করা যায়। পরে লোকজনের কাছে শুনতে পায় সোহেল সাহেবরা নাকি ১০-১৫ হাজার টাকা না দিলে খুঁটি দেন না। সরকারের এই খুঁটি গুলি কি গ্রাহকদের জন্য ফ্রি নাকি টাকা দিয়ে ক্রয় করতে হয়? এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত হতে হবে। ফ্রি-ই যদি হয়ে থাকে তাহলে আমাকে দিচ্ছেন না কেন? নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নোমান মিয়া, সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. জাকির হোসেন খন্দকার, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, ৯ ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরা। ঠিকাদারের নিয়োগকৃত প্রকল্পের সুপার ভাইজার মো. আতিকুজ্জামান সোহেল বলেন, ২০-২৫ দিন আগে চেয়ারম্যান ১টি পোল চেয়েছেন। ঢালাই পোল নিয়ে গিয়ে ফিরে এসেছি। সেখানে ষ্টীলের পোল দিতে হবে। আমাদের কাছে ষ্টীলের পোল নেই।