সরাইলে এক পাগলা মহিষের তান্ডবে তিন শিশুসহ চারজন গুরূতর আহত হয়েছে। আধা ঘন্টার তান্ডবে মারা গেছে একটি গাভী, উপড়ে ফেলেছে একটি টিউবওয়েল। বিনষ্ট করেছে গাছপালা ও জমির ফসল। পরে চিকিৎসার অবহেলার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের হাতে একজন চিকিৎসক, একজন ব্রাদার ও একজন পরিচ্ছন্নতাকর্মী লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠেছে। উলটপালট করা হয়েছে চেয়ার-টেবিল। গত শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ লাঞ্চনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবদুল হকের একটি মহিষ শুক্রবার সন্ধ্যার দিকে পাগল হয়ে যায়। মহিষটি আবদুল হকের প্রতিবেশী নুরূ মিয়ার একটি গাভীকে শিং দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর গ্রামের আতাহার আলীর মেয়ে চৈতী (১২) তার ভাগ্নে মোস্তাকিম মিয়া (০৪) ও দুলাল মিয়ার মেয়ে ফারহানকে (০৫) মহিষটি শিং দিয়ে আঘাত করে গুরূতর আহত করে। শিশুদের রক্ষা করতে গিয়ে চৈতীর মা নুরূন্নারহারও (৪২) আহত হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রামবাসী তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নুরূন্নাহার সঙ্গাহীন হয়ে পড়েন। এ সময় আহত দুই শিশু চৈতী ও ফরহানার অধিক রক্ত ক্ষরণ হচ্ছিল। তখন স্বাস্থ্য কমপ্লেক্সের জরূরি বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসা কর্মকর্তা অধিতি রাণী সাহা, ব্রাদার রাজিব হোসেন ও পরিচ্ছন্নতা কর্মী রাসেল চৌধুরী। রোগীদের অবস্থা গুরুতর দেখে অধিতি রাণী সাহা ও রাজিব হোসেন তাদেরকে জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন তেরকান্দা গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার (৪৫) ও মোস্তাকিম হোসেনের (৩০) নেতৃত্বে ১০-১২ জন লোক স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকসহ তিনজনকে লাঞ্ছিত করে। রোগীর স্বজনেরা তখন স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাবপত্র ভাঙচুরের চেষ্টা চালায়। পরে রোগী ও স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করে। তেরকান্দা গ্রামের একাধিক লোকজন জানায় ওই চার রোগীকে রাতে জেলা সদরে নেওয়া হয়। পরে গভীয়র রাতে চৈতী বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া বলেন,‘ ওই রোগীদের জেলা সদরে নেওয়ার পরামর্শ দেওয়ার সাথে সাথে স্বজনেরা এক চিকিৎসকসহ তিনজনকে লাঞ্ছিত করে এবং চেয়ার টেবিল ভাঙ্চুরের চেষ্টা চালায়। বিষয়টি আমরা লিখিতভাবে থানা পুলিশকে অবহিত করেছি। এ ঘটনার প্রতিবাদে হাসপতালের বহির্বিভাগের কার্যক্রম শনিবার বন্ধ রাখা হয়।’ কিন্তু পেট ব্যাথা নিয়ে আসা রোগী মর্জিনা বেগম (৩০) সহ অনেকে বলেন, আজ দিনভর অপেক্ষা করেও চিকিৎসা নিতে পারিনি। বাবুল মিয়া বলেন,‘ আমারা সন্ধ্যার পর পর রোগীদের নিয়ে হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে কোনো চিকিৎসক পাইনি। অনেক্ষণ পর একজন চিকিৎসক এসে চিকিৎসা না দিয়েই রেফার্ড করে দেন। আমি তাদেরকে অনুরোধ করলাম রোগীদের অন্তত যেন ব্যান্ডেজ করা হয়। তারা কিছুই করেননি। তখন গ্রামের কয়েকজন ছেলে কিছুটা উত্তেজিত হয়েছিল। গ্রামের ছেলেদের সঙ্গে হাসপাতালের দালাল শ্রেণির কিছু লোকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। চিকিৎসকদের সঙ্গে নয়। কাউকে লাঞ্ছিত করার মতো কিছু ঘটেনি। এগুলো মিথ্যা। হাসপাতালে গেলে দালালদের জন্য চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায় না। সব কিছুতেই দালাল আর দালাল।’সরাইল থানার এসআই জাকির হোসেন বলেন, ‘ আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’