বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক বিএনপি নেতার বাড়ী নির্মাণ কাজে চাঁদা দাবী করার অভিযোগ এনে ১২ জন ছাত্রলীগ কর্মীর নামে মামলা করা হয়েছে। এ মামলার এজাহার ভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে নন্দীগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ বাদী হয়ে এ মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছোট ডেরাহাড় গ্রামের আবদুস সামাদ ও আতোয়ার রহমান।
মামলা সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম সদর ইউনিয়নের ছোট ডেরাহাড় গ্রামে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ ইট দিয়ে বাড়ী নির্মাণ করছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী আল-জাহিদসহ ১২ জন তার সহযোগীরা সেখানে গিয়ে ৩০ হাজার টাকা চাঁদাদাবী করে। এই টাকা না দিলে বাড়ী নির্মাণ করতে নিষেধ করে তারা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতা আবদুর রশিদের ভাতিজা সোহান আলীকে মারধর করে। পরে আহত সোহান আলী (২৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রশিদ বাদী হয়ে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক ও ছাত্রলীগ কর্মী আল-জাহিদসহ ১২ জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় চাঁদাবাজী মামলা করেছেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ বলেন, চাঁদাবাজী ঘটনা মিথ্যা। ষড়যন্ত্র মূলক ভাবে এ মামলা করা হয়েছে। আর তারা ছাত্রলীগের কর্মী, কিন্তু কোন পদে নেই।
নন্দীগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, চাঁদাবাজী মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে।