সরাইল বিএনপি’র কমিটিকে ঘিরে নানা জল্পনা কল্পনার অবসান হয়েছে। অবশেষে গত শুক্রবার রাতে সরাইল উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপি। কমিটিতে মো. আনিছুল ইসলাম ঠাকুরকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. নূরূজ্জামান লস্কর তপুকে সদস্য সচিব করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। আর বিধি না মানার অভিযোগ তুলেছেন সাবেক সিনিয়র সহসভাপতি মো. জহির উদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, ২০১৬ খ্রিষ্টাব্দে প্রথমে দুই সদস্যের কমিটি। পরে সুপার ফাইভ (৫ জনের) কমিটি। ২০১৮ খ্রিষ্টাব্দে সরাইলে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। ২০২০ খ্রিষ্টাব্দের ২৪ ডিসেম্বর ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপি। সেই কমিটির সভাপতি ছিলেন অ্যাডভোকেট আবদুর রহমান ও সম্পাদক ছিলেন মো. আনোয়ার হোসেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে আবদুর রহমানকে ১ নম্বর ও আনোয়ার হোসেন ২ নম্বর সম্মানিত সদস্য করা হয়েছে। আর ৩ নম্বর সম্মানিত সদস্য করা হয়েছে মো. আক্তার হোসেনকে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাঈনুল হাসান তুষারকে করা হয়েছে ৭ নম্বর সদস্য। তবে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি ও যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন আহমেদ বলেন, সাবেক কমিটির সিনিয়র সহসভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের পদত্যাগের পর নিয়ম মাফিক আমি সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম। আমাকে ৮ নম্বর সদস্য করা মোটেও বিধিসম্মত হয়নি। সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, আমি শাররীক ভাবে খুবই অসুস্থ্য। তাই দ্রƒততম সময়ের মধ্যেই ওই পদ থেকে পদত্যাগ করব।