মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: জাকীর হোসেন নওগাঁর মহাদেবপুরে আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শন করেন।
এদিন তিনি সরেজমিনে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের দেয়া মহাদেবপুর উপজেলা সদরের বরেন্দ্র মোড় সংলগ্ন ফাজিলপুর মৌজায় নির্মিত ১৬টি বাড়িতে গিয়ে উপকারভোগীদের সাথে কথা বলেন। তাদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন। একান্তে তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন প্রমুখ তার সঙ্গে ছিলেন।
ইউএনও জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করে এসব বাড়ি নির্মাণ করা হয়েছে। উপজেলা সদরের বরেন্দ্র মোড় সংলগ্ন ফাজিলপুর মৌজায় ১৬টি, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজার এলাকায় ১৩টি ও এনায়েতপুর ইউনিয়নের সুজাইলহাট সংলগ্ন এলাকায় ৫টি বাড়ি নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের দেয়া হয়েছে। তারা সেখানে এখন বসবাস করছেন। প্রতিটি বাড়িতে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২টি শোবার ঘর, ১টি রান্না ঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও ১টি বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দেয়া হয়েছে।
গত ২৩ জানুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি হস্তান্তর কার্যকক্রমের উদ্বোধন করেন। এরপর ইউএনও উপকারভোগিদের মাঝে এসব ঘরের মালিকানা দলিল, ডিসিআর ও খারিজ সংক্রান্ত নথি হস্তান্তর করেন।