যশোরে অভিযান চালিয়ে রেলওয়ের অবৈধ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যামাণ আদালত।
মঙ্গলবার সকাল এগারোটার দিকে খুলনা থেকে আসা বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম ও যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট হাফিজুল হক অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম বলেন, যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরসহ (কাঁচা-পাকা) বিভিন্ন স্থাপনা তৈরি করে জবর-দখল করে রেখেছে। বিভিন্ন সময় তাদের রেলওয়ের জায়গা ছাড়তে নোটিস দেওয়া হয়। কিন্তু তারা দখল ছাড়েনি। সেই কারণে আজ সকাল দশটা থেকে ওই সম¯ত স্থাপনা উচ্ছেদের কাজ চলছে।
তিনি আরো বলেন, মোট ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ তালিকায় রয়েছে। সবগুলোই উচ্ছেদ করা হবে। অভিযানে যশোর জেলা পুলিশ, জিআরপি এবং রেলওয়ের নিরাপত্তা কর্মীরা অংশগ্রহণ করেন।