নওগাঁর ধামইরহাটে ভাষা শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিল ৫ শতাধিক অসুস্থ রোগী। বাংলা ভাষার জন্য আত্মহুতি দানকারী বীর শহীদদের সম্মানে এই যুগযোপযোগী উদ্যোগ নিয়েছেন সোনার বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুর ইসলাম। ২১ ফেব্রুয়ারী সকাল ৯ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইসবপুর ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল। সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৫শত ১৫ জন বিভিন্ন রোগের নারী পুরুষ রোগীকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। তাকওয়া ল্যাব এ- কনসালটেশনের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা হৃদরোগ, ডায়াবেটিস, মেডিসিন ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডা. সাইফুল ইসলাম। আরও রোগী দেখেন গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোর্শেদা খাতুন স্বপ্না, বাত-ব্যথা ও মেরুদন্ডসহ অর্থোপেডিকস চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেনসহ আরও বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ, বনবিট কর্মকর্তা আবদুল মান্নান, সোনার বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সহ-সভাপতি সাদেক হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আশরাফুল আলম রাশেদ, যুবলীগ নেতা ফিরোজ হোসেন, চিরি পাড়ের যুব সমাজ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবাবিল, যুব নেতা শ্রী সুশীল চন্দ্র মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।